জাপানে হকিতে বাংলাদেশের প্রথম জয়, শ্রীলঙ্কার জালে ৫ গোল

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গিফুতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশের পুরুষ হকি দল।
শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ম্যাচটি নিয়ে কিছুটা উদ্বেগ ছিল বাংলাদেশের শিবিরে। কয়েক মাস আগে এএইচএফ কাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। অতীতের সেই ফলের কারণে এশিয়ান গেমসের ম্যাচেও বাড়তি সতর্কতা ছিল জিমিদের। তবে মাঠের খেলায় শুরু থেকেই আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ায় রোমান সরকারের দল। ম্যাচজুড়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম দুটি করে গোল করেন। অন্য গোলটি আসে মাহবুব হোসেনের স্টিক থেকে।
আক্রমণে বাংলাদেশের আধিপত্যের চিত্রও ছিল স্পষ্ট। পুরো ম্যাচে ১৫টির বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে ব্যস্ত রাখে বাংলাদেশ। বিপরীতে শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল করলেও তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।
শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে এবারের এশিয়ান গেমসে হকিতে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশের পুরুষ দল।