সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ২০ টাকা, একই দিনে বিশ্ববাজারে কমল তেলের দর

দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ২০ টাকা, একই দিনে বিশ্ববাজারে কমল তেলের দর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতার খবর এবং সৌদি আরবের তেল রপ্তানি বাড়তে থাকায় সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দর এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। গত ১০ সেপ্টেম্বরের পর এটিই ছিল ব্রেন্টের সর্বনিম্ন দর।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে দাঁড়ায় ৯৮ দশমিক ১৫ ডলারে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক তৎপরতা বাড়ার সম্ভাবনার খবরে বাজারে তৈরি হওয়া অতিরিক্ত ঝুঁকির চাপ কিছুটা কমেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কাটেনি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এ কূটনৈতিক যোগাযোগকে তেলের বাজারে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের তেল পরিবহন ব্যবস্থায় বিঘ্ন তৈরি হলেও দেশটির অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

পণ্য পরিবহন পর্যবেক্ষক সংস্থা কেপলারের প্রাথমিক হিসাবে, আগস্টে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল। চলতি সেপ্টেম্বরে তা আবার দৈনিক ৪০ লাখ ব্যারেল ছাড়িয়েছে।

হুথিদের হামলার কারণে লোহিত সাগরীয় ইয়ানবু বন্দরের পাইপলাইন কার্যক্রম ব্যাহত হওয়ায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাড়িয়েছে।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের দৈনিক তেল পরিবহন গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে। আগের মাসে এ পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমছে, তখন বাংলাদেশে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সাম্প্রতিক পতনের মধ্যেই দেশের ভোক্তাদের জন্য জ্বালানি তেলের নতুন বাড়তি দাম কার্যকর হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন