জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে এখন পর্যন্ত দেশে কোনো তৈরি পোশাক কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো ও পোশাক খাতের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েক দিনের তুলনায় বর্তমানে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সংকটের প্রকৃত আর্থিক ও উৎপাদনগত প্রভাব বুঝতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
বিজিএমইএ সভাপতি জানান, গ্যাসের চাপ কমে যাওয়ায় ডাইং ও ওয়াশিংসহ বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। বিকল্প জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত সময় কারখানা চালাতে গিয়ে উৎপাদন ব্যয়ও বেড়েছে। সম্প্রতি গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগে কারখানাগুলোতে কিছুটা স্বস্তি ফিরেছে।
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে সংকটের বড় ধরনের সমাধান সম্ভব।
তিনি আরও জানান, পোশাক রপ্তানির নতুন বাজার সম্প্রসারণের উদ্যোগ চলছে। বর্তমানে প্রায় ৪০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার বাইরের বাজার থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার আসে।