শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাজারে লেনদেনের গতি বাড়াতে ট্রেড এক্সিকিউশন ও ব্রোকারেজ হাউসগুলোর (স্টক ব্রোকার) প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে লেনদেনের মন্দাভাব, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং বাজার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হবে। একই সঙ্গে বাজারের সার্বিক গতিশীলতা বাড়াতে ব্রোকারেজ হাউসগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।
বৈঠকে বিভিন্ন ব্রোকারেজ হাউসের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেয়ারবাজারের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি লেনদেনের গতি ফেরাতে ব্রোকারদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলা এবং বাজারে লেনদেনের গতি ও অংশগ্রহণ বাড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।