বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মালয়েশিয়া-ফিলিপিন্সে আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে সরবরাহ বন্ধ ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা ২৪ ঘণ্টার মধ্যে দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন
  • কমলো এলপিজির দাম, বাড়ল সয়াবিন তেলের

    কমলো এলপিজির দাম, বাড়ল সয়াবিন তেলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেপ্টেম্বরের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় দুটি পণ্যের দামে বিপরীতমুখী পরিবর্তন এসেছে। একদিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    বুধবার (২ সেপ্টেম্বর) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই দিনে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

    ১২ কেজির এলপিজিতে কমেছে ১৩ টাকা

    বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের দাম প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকা। নতুন দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

    এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

    আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি।

    সয়াবিন তেলে বাড়ল ৫ টাকা

    অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে ২০৪ টাকা। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা।

    ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন।

    বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সরকার ব্যবসায়ীদের দাবির পুরোটা অনুমোদন না দিয়ে লিটারপ্রতি ৫ টাকা দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

    তিনি আরও জানান, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজার পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয় করা হয়েছে।

    রমজানের আগে সয়াবিন তেলের দাম আবার বাড়ানো হবে কি না—এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, তা সে সময়ের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

    ফলে সেপ্টেম্বরের শুরুতে রান্না ও পরিবহনে ব্যবহৃত এলপিজির দাম কিছুটা কমলেও রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ সয়াবিন তেলের দাম বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ