‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ’: কাভান সুলিভান

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান। টানা চার ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে এরই মধ্যে নিজের প্রতিভার জানান দিয়েছেন এই উঠতি তারকা। তবে মাঠের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও রয়েছে কাভানের পরিবারের বিশেষ সম্পর্ক।
বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা ও উচ্ছ্বাস নিয়ে কথা বলতে গিয়ে কাভান জানান, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে তারা যে সমর্থন পাচ্ছেন, তা তাদের কাছে বিশেষ কিছু। বাংলাদেশের মানুষের প্রতি পরিবারের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি।
কাভান বলেন, ‘ভালোবাসাটা কেবল ইদানীং পাচ্ছি তা নয়, বেশ কিছুদিন ধরেই এটা পেয়ে আসছি। আগেও যেমনটি বলেছি—পরিবার হিসেবে আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। ওখানকার মানুষদের ভালোবাসা আমরা সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’
বাংলাদেশের সঙ্গে সুলিভান পরিবারের সম্পর্ক আরও গভীর হয়েছে কাভানের যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের মাধ্যমে। তারা বাংলাদেশের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন এবং বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে রোনানের পানেনকা পেনাল্টি এবং দুই ভাইয়ের অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে বড় অবদান রাখে।
ভাইদের সেই সাফল্যের কথা স্মরণ করে কাভান বলেন, তারা যখন বাংলাদেশে খেলতে যায়, তখন বিষয়টি তার কাছে খুবই আনন্দের। ভবিষ্যতে আবারও তাদের বাংলাদেশে ফিরে খেলার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
কাভানের ভাষায়, ‘আমার ভাইয়েরা যখন ওখানে যায়, ব্যাপারটা খুব দারুণ লাগে। আশা করি তারা আবারও সেখানে ফিরে যেতে পারবে, কয়েকটি ম্যাচ খেলবে এবং আরও একটি টুর্নামেন্ট জিতবে।’
ভাইদের অর্জনে পুরো পরিবার গর্বিত বলেও জানান কাভান। তিনি বলেন, ‘ওরা যা কিছু করছে, তা নিয়ে আমরা সত্যিই খুব গর্বিত।’
শুধু ভাইদের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নয়, দেশটির বয়সভিত্তিক ফুটবলের খবরও রাখেন কাভান। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের সাম্প্রতিক টুর্নামেন্ট নিয়েও অবগত তিনি।
বাংলাদেশের তরুণ ফুটবলারদের শুভকামনা জানিয়ে কাভান বলেন, ‘আমি জানি, বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল এখন একটি টুর্নামেন্ট খেলছে। তাদের জন্য অনেক শুভকামনা রইল।’
চলমান বয়সভিত্তিক প্রতিযোগিতায় অবশ্য কাভানের দুই ভাই বাংলাদেশের দলের সঙ্গে নেই। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না পাওয়ায় তারা এবার দলের সঙ্গে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।
তবে মাঠে না থাকলেও বাংলাদেশের প্রতি সুলিভান পরিবারের ভালোবাসা ও টান যে অটুট রয়েছে, কাভানের বক্তব্যেই তার প্রতিফলন মিলেছে। আর এমএলএসে মাত্র ১৬ বছর বয়সে কাভানের ধারাবাহিক পারফরম্যান্স তাকে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করছে।