হামজাকে সঙ্গী করে শেফিল্ডের মৌসুমের প্রথম জয়

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে তার দল শেফিল্ড ইউনাইটেড।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুর একাদশেই ছিলেন হামজা। তার মাঠে নামার রাতেই চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে শেফিল্ড।
মৌসুমের প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকলেও কোনো জয় পায়নি শেফিল্ড। তিন ম্যাচই ড্র হওয়ায় বোল্টনের বিপক্ষে জয় তুলে নেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল হতাশার। প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে তিন মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় শেফিল্ড। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় বোল্টন। স্যাম ডাল্বির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে এক মিনিটের ব্যবধানেই আবারও ম্যাচে সমতা ফেরায় শেফিল্ড। গোলটি করেন প্যাট্রিক ব্যামফোর্ড।
শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনাই তৈরি হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল করে শেফিল্ডকে নাটকীয় জয় এনে দেন রোমেলে ডোনোভান। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচে বল দখলেও সামান্য এগিয়ে ছিল শেফিল্ড। ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলমুখে ২০টি শট নেয় তারা। বিপরীতে ৪৭ শতাংশ বল দখলে রেখে বোল্টন শট নেয় ২১টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তবে সুযোগ কাজে লাগিয়ে তিন গোল করে জয় তুলে নেয় হামজার দল।
চলতি মৌসুমে এটি শেফিল্ড ইউনাইটেডের চতুর্থ ম্যাচ এবং প্রথম জয়। আর শেফিল্ডের হয়ে স্থায়ী চুক্তির পর হামজার প্রথম ম্যাচটিই স্মরণীয় হয়ে থাকল দলের জয়ের মধ্য দিয়ে।