বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মালয়েশিয়া-ফিলিপিন্সে আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে সরবরাহ বন্ধ ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা ২৪ ঘণ্টার মধ্যে দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন
  • হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী

    হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী
    বিমানবাহিনীর একটি ড্রোন ওড়াচ্ছেন প্রধানমন্ত্রী/ছবি: বাংলাদেশ বিমানবাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাইবার হামলাসহ নতুন ধরনের বহুমাত্রিক হুমকি মোকাবিলায় দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভুল করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে সংসদকে জানিয়েছেন তিনি।

    বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

    রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান পরিচালনার জন্য আলাদা রানওয়ে বা বিমানঘাঁটি নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান প্রধানমন্ত্রী।

    সংরক্ষিত নারী আসন-৪১-এর সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ বিমানবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। রাজধানীসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেও বিমানবাহিনীর প্রস্তুতি প্রয়োজন।

    প্রধানমন্ত্রী বলেন, পৃথক বিমানঘাঁটি ও রানওয়ে নির্মাণ ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি বিষয়। দেশের সীমিত ভূমি ও বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে শুধু প্রশিক্ষণের জন্য নতুন রানওয়ে নির্মাণের পরিবর্তে বিদ্যমান সুবিধা কাজে লাগানোকে সরকার অধিক বাস্তবসম্মত মনে করছে।

    চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বাড়লেও আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে—এমন ধারণা সঠিক নয়।

    তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঁচ থেকে ১০ দিন আগেই বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগের আগাম সতর্কবার্তাও দেওয়া হচ্ছে।

    পূর্বাভাস ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভুল করতে পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত তথ্য বিশ্লেষণ এবং দক্ষ জনবল তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

    সংরক্ষিত নারী আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বহুমাত্রিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।

    পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমুদ্র এলাকায় নজরদারি বাড়াতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।

    সংরক্ষিত নারী আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের জন্য স্পষ্ট নীতিমালা রয়েছে।

    তিনি জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন দেশের সার্বিক নিরাপত্তায় এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ নির্দেশিকার আওতায় দুর্যোগ ও সংকটের সময় অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনী সহায়তা করে থাকে। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির (CrPC) ১২৯ ধারার আওতায় অসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন