প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩০ আগস্ট মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানিয়েছিলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর এখন দেশে ফিরছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। চিকিৎসার কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।