রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ ১৮ উইকেট পড়লেও উইকেটকে দোষ দিচ্ছেন না স্টার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাড়ায় দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ, ব্যর্থ হলে বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ মন্ত্রিসভায় রদবদল: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্যারাসিটামলসহ যেসব ওষুধ ও সাপ্লিমেন্টে ক্ষতির ঝুঁকি লিভারের জনসেবায় পেশাগত নিষ্ঠা ও নৈতিকতার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের বিনিয়োগ সেবায় নতুন অধ্যায়, একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘স্মরণীয় মুহূর্ত’ বললেন অভিনেত্রী
  • ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২২ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

    সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদফতরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে।

    এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরির কথা উল্লেখ করে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত রুটে কিছু বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় অংশে নতুন সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া রুটটিতে তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে।

    প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজ দ্রুত শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে পণ্য ও যাত্রী পরিবহনে সময় ও ব্যয় দুটোই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

    নদীবেষ্টিত জেলা ভোলার মানুষের চলাচলে দীর্ঘদিন ধরে নৌপথ গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হলে নৌপথের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    তাদের মতে, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের অন্যতম সুবিধা হলো তুলনামূলকভাবে কম দূরত্বে ঢাকা ও বরিশালের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হওয়া। ফলে এটি ভোলার জন্য একটি কার্যকর সড়ক যোগাযোগের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে।

    সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন