মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্য প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানানো হয়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আন্দালিব রহমান পার্থ
এর আগে সরকারের প্রথম মন্ত্রিসভা রদবদলের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্থকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জোটসঙ্গী হিসেবে পরিচিত।
শুক্রবার দিবাগত রাতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন করে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রিসভায় আরও রদবদল
রদবদলের অংশ হিসেবে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া এম. রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা ছাড়ার পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব শূন্য হয়।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। এরপরই সরকারের প্রথম বড় মন্ত্রিসভা রদবদলের অংশ হিসেবে নতুন দায়িত্ব বণ্টন করা হয়।