চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ, ব্যর্থ হলে বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দেশের অন্যান্য মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নয়, বরং দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ কাজে কোনো ধরনের গাফিলতি বা ব্যর্থতা দেখা গেলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।