ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বক্তব্য, সুন্নাহ অনুসরণের আহ্বান

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে বক্তব্য দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশে তার সুন্নাহ অনুসরণ এবং সাহাবি ও সালাফদের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।
‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শিরোনামের বক্তব্যে শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো নির্দেশনা নেই। মহানবী (সা.), তাঁর সাহাবি ও খুলাফায়ে রাশেদিনও এভাবে জন্মদিন পালন করেননি বলে উল্লেখ করেন তিনি।
তিনি মাওলিদ উদযাপনকে বিদআত হিসেবে উল্লেখ করে ধর্মীয় বিষয়ে নতুন কিছু সংযোজন থেকে বিরত থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি মহানবী (সা.)-এর বিভিন্ন হাদিস এবং সাহাবিদের বক্তব্য তুলে ধরেন।
নবীজির ভালোবাসা প্রকাশের উপায়
শায়খ সুদাইস বলেন, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত পথ হলো তাঁর সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন।’
তিনি আরও বলেন, মুসলমানদের উচিত নবীজি (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করা এবং ধর্মের মধ্যে নতুন কোনো রীতি সংযোজন থেকে বিরত থাকা।
মাওলিদ আয়োজন নিয়ে যে বিষয়গুলোর সমালোচনা
আস-সুদাইসের বক্তব্য অনুযায়ী, রবিউল আউয়াল মাসে আয়োজিত বিভিন্ন মাওলিদ অনুষ্ঠানে নাচ-গান, অতিরিক্ত খরচ এবং মাহরাম নন—এমন নারী-পুরুষের অবাধ মেলামেশার মতো বিষয় যুক্ত হয়েছে। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথাও বলেন তিনি।
তিনি বলেন, অনেকেই এসব আয়োজনকে নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম মনে করেন। তবে তাঁর মতে, নবীজি (সা.) যে পদ্ধতি অনুসরণ করতে বলেছেন, সেটিই মুসলমানদের জন্য অনুসরণীয় হওয়া উচিত।
সাহাবিদের বক্তব্য তুলে ধরেন
বক্তব্যে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর একটি বক্তব্য উল্লেখ করেন শায়খ সুদাইস। সেখানে পূর্বসূরিদের অনুসরণ এবং দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর বক্তব্যও তুলে ধরেন তিনি। পাশাপাশি ইমাম ইবনে তাইমিয়্যার মাওলিদসংক্রান্ত মতামত উল্লেখ করে বলেন, শরিয়তে ভিত্তি নেই—এমন কোনো সময় বা দিনকে ধর্মীয় উপলক্ষ হিসেবে গ্রহণ করা উচিত নয়।
মুসলমানদের প্রতি আহ্বান
বক্তব্যের শেষ দিকে মুসলমানদের তাকওয়া অবলম্বন এবং বিদআত থেকে দূরে থাকার আহ্বান জানান শায়খ সুদাইস। তিনি মহানবী (সা.)-এর সুন্নাহ দৃঢ়ভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ইসলামের মূল শিক্ষা ও নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণ করাই একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।