জনসেবায় পেশাগত নিষ্ঠা ও নৈতিকতার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বাড়ানো, মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশ উন্নত করতে দেশের দুই উপজেলায় আধুনিক অফিস ভবন ও ছয় জেলায় অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় নতুন অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এসব স্থাপনার যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা, চারিত্রিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
মহাপরিচালক বলেন, আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত না হলে দেশ ও জনগণের কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য অর্জন করা কঠিন। পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও পেশাগত নিষ্ঠাকে ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।
নবনির্মিত স্থাপনাগুলোকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আধুনিক অবকাঠামোর যথাযথ ব্যবহার ও সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিত্তির আধুনিক ও মানসম্মত উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।
এসব স্থাপনার মাধ্যমে কর্মকর্তাদের আবাসন সুবিধা বাড়ার পাশাপাশি উপজেলা পর্যায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায়ও আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, আধুনিকায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
নবনির্মিত অফিস ভবন ও আবাসনগুলো এ উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী এবং জনগণকে আরও কার্যকর সেবা দিতে ভূমিকা রাখবে।