রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচিতে পরিবর্তন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচিতে পরিবর্তন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তবে প্রতিযোগিতার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। এর আগে ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।

গত ১১ আগস্ট সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা সংশোধিত পূর্ণাঙ্গ নির্দেশিকায় এসব তথ্য জানানো হয়। এর আগে ৩০ জুলাই জারি করা নির্দেশিকাটি বাতিল করে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিতি বাড়ানোর পাশাপাশি তাঁর অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ ও বিদ্রোহী দর্শন তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব বিষয়ে প্রতিযোগিতা

দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের আবৃত্তির জন্য নির্ধারণ করা হয়েছে ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা।

কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’, ‘কাণ্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’।

৩১ আগস্ট উদ্বোধন

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ৩১ আগস্ট সকাল ১০টায় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে প্রতিযোগিতার উদ্বোধন হবে।

জেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য অথবা জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে সংসদ সদস্য বা উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি স্থানীয় সংস্কৃতিজন, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে বলা হয়েছে।

ধাপে ধাপে প্রতিযোগিতা

বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২, ৩, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর।

উপজেলা পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতা হবে ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা হবে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর এবং ২০ ও ২১ সেপ্টেম্বর।

জেলা পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১, ৪, ৫, ৬ ও ৭ অক্টোবর। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা হবে ৮, ১১ ও ১২ অক্টোবর।

বিভাগীয় পর্যায়ে প্রাথমিকের প্রতিযোগিতা হবে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ অক্টোবর।

সবশেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর।

যেভাবে নির্বাচিত হবে বিজয়ীরা

প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি বিষয়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী উপজেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে যাবে।

জেলা পর্যায় থেকে প্রতিটি বিষয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সনদ দেওয়া হবে। অন্যান্য পর্যায়ের বিজয়ীদের স্থানীয়ভাবে ক্রেস্ট ও মেডেল দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজন

নজরুল ইসলামের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সরকার ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য জাতীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নজরুল গবেষক, শিল্পী, আবৃত্তিকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে ২১ থেকে ৩০ আগস্টের মধ্যে বিভিন্ন কমিটি গঠন ও বিচারক মনোনয়নের কাজ শেষ করতে হবে। পাশাপাশি ১৩ থেকে ১৯ আগস্ট বিভাগীয় পর্যায়ে, ২০ আগস্ট জেলা পর্যায়ে এবং ২৩ আগস্ট উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন