রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১১ জনকে গ্রেপ্তার করল ডিএমপি নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচিতে পরিবর্তন রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল ও অলি, দুজনের মনোনয়নই বৈধ গ্যাসের চাপ কমে গাজীপুরের কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে ৪০ শতাংশ মূলধন বাড়াতে ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে ঢাকা ব্যাংক অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট হ্রদে ফেরিডুবি, নিহত ৭২ সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা ভ্যাকসিন ও বায়োসিমিলার উৎপাদনে স্বনির্ভর হতে জাতীয় কৌশল করবে সরকার শাপলা চত্বর মামলা: ৯ আসামি ট্রাইব্যুনালে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর
  • বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট হ্রদে ফেরিডুবি, নিহত ৭২

    বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট হ্রদে ফেরিডুবি, নিহত ৭২
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তবর্তী বিশ্বের অন্যতম বৃহৎ মানবসৃষ্ট জলাধার কারিবা হ্রদে ফেরি উল্টে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই হ্রদ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে।

    শনিবার (১৫ আগস্ট) জিম্বাবুয়ের পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। তবে দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট কতজন যাত্রী ছিলেন কিংবা এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

    পুলিশ জানায়, গত মঙ্গলবার প্রবল ঢেউয়ের মধ্যে ফেরিটি উল্টে যায়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হলে ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধার করা হয়। শনিবার একদিনেই আরও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

    জিম্বাবুয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল ফেরিতে

    দুর্ঘটনাকবলিত ফেরিটি বেশ পুরোনো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারিবা শহর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকা ও মৎস্যজীবী সম্প্রদায়ের বসতিগুলোর দিকে যাচ্ছিল ফেরিটি।

    বিভিন্ন হিসাব অনুযায়ী, ফেরিটিতে সর্বোচ্চ ১৫৩ জন যাত্রী থাকতে পারেন। অথচ এর নির্ধারিত ধারণক্ষমতা ছিল ৯০ জন। ফলে দুর্ঘটনার সময় ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে সরকার। প্রতিটি পরিবারকে ১০০ মার্কিন ডলার করে নগদ সহায়তা দেওয়া হবে। দাফন-সৎকারসহ জরুরি খরচ মেটাতে এই অর্থ দেওয়া হবে।

    নিহতদের মধ্যে ১৬ জনের বয়স ১০ বছর বা কম

    দুর্ঘটনার পর প্রথমদিকে ফেরিতে থাকা শিশুদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। কারণ নির্দিষ্ট বয়সের নিচে থাকা শিশুদের টিকিটের হিসাবে যাত্রীসংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি।

    পরে পুলিশের প্রকাশ করা তালিকায় দেখা যায়, নিহত শিশুদের মধ্যে ১৬ জনের বয়স ১০ বছর বা তার কম। নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র এক বছর।

    উদ্ধারকারী দল এখনো হ্রদে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

    বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট জলাধার কারিবা

    কারিবা হ্রদ আয়তনের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মানবসৃষ্ট হ্রদ। ১৯৫০-এর দশকের শেষভাগ থেকে ১৯৬০-এর দশকের শুরুর দিকে জাম্বেজি নদীর ওপর বাঁধ নির্মাণের মাধ্যমে জলাধারটি তৈরি করা হয়।

    জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কারিবা হ্রদটি ভারত মহাসাগর থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার উজানে। হ্রদটির দৈর্ঘ্য প্রায় ২২৩ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ প্রায় ৪০ কিলোমিটার।

    কারিবা হ্রদের আয়তন প্রায় ৫ হাজার ৫৮০ বর্গকিলোমিটার এবং পানির ধারণক্ষমতা প্রায় ১৮৫ ঘনকিলোমিটার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন