রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

‘টক্সিক’-এর বিতর্কিত দৃশ্য নিয়ে যশ, ‘সবকিছুর নির্দিষ্ট সীমা আছে’

‘টক্সিক’-এর বিতর্কিত দৃশ্য নিয়ে যশ, ‘সবকিছুর নির্দিষ্ট সীমা আছে’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই এর বিভিন্ন দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের কিছু ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। এ নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা।

সম্প্রতি সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে যশ বলেন, পর্দায় ঘনিষ্ঠতা থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি। তাঁর ভাষায়, ‘অশালীনতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, সিনেমায় আমি তো চুম্বন পর্যন্ত করিনি। সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে, আমরা সেটি মেনেই কাজ করেছি।’

যশের মতে, কোনো দৃশ্যকে পর্দায় কীভাবে উপস্থাপন করা হবে, সেটি অনেকাংশে নির্মাতার সৃজনশীলতার ওপর নির্ভর করে। তাঁর দাবি, ‘টক্সিক’-এর দৃশ্যগুলোকে নান্দনিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির চরিত্র ও অভিনয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে সহশিল্পীর পাশে দাঁড়িয়ে যশ বলেন, গানটিতে দর্শকেরা কিয়ারার চরিত্রের সামান্য অংশ দেখেছেন। পুরো সিনেমায় তার অভিনয় আরও বেশি নজর কাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, একজন অভিনেতাকে পেশাগত জীবনে নানা ধরনের মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়। এসব নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের বিশ্বাস ও কাজের প্রতি মনোযোগী থাকাই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দর্শক কাজের মূল্যায়নই করেন বলে মনে করেন তিনি।

নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত ‘টক্সিক’ উদার মন নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন যশ। সিনেমাটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে এটি দেখারও অনুরোধ করেছেন কন্নড় সিনেমার এই জনপ্রিয় তারকা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন