রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইলেন আইনজীবী

ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইলেন আইনজীবী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ লিগ্যাল নোটিশ পাঠান।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার কথিত উদ্যোগ ও এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

তিনি বলেন, হামের মতো গুরুত্বপূর্ণ টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে যাওয়ার যেকোনো উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। এ কারণে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে নোটিশটি পাঠানো হয়েছে।

দেশে বাড়ছে হামের প্রকোপ

এদিকে সম্প্রতি দেশে হামের প্রকোপ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯০২টি শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে সরাসরি হামের সংক্রমণে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮০৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হামের প্রকোপের মধ্যে টিকা কার্যক্রম ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে এই আইনি নোটিশ পাঠানো হলো।

তবে নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন