বিডা, বেজা ও পিপিপিএ এক ছাতার নিচে, আসছে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’

দেশি-বিদেশি বিনিয়োগ আরও সহজ ও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)-কে একীভূত করে নতুন প্রতিষ্ঠান ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন করছে সরকার।
এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়েছে। সরকার গেজেট প্রকাশের মাধ্যমে নির্ধারিত তারিখে আইনটি কার্যকর করবে। একই সময় নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।
আইন কার্যকর হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ দেশের কেন্দ্রীয় বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে। বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কার্যক্রম একটি একক কাঠামোর আওতায় পরিচালিত হবে।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, এই উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য প্রকৃত অর্থে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ নিশ্চিত করতে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এমন একটি সমন্বিত সংস্থার দাবি জানিয়ে আসছিলেন। একই ধরনের সুপারিশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি)।
তিনি বলেন, নতুন প্রতিষ্ঠান বৈশ্বিক বিনিয়োগ বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও জোরালোভাবে তুলে ধরতে এবং বিনিয়োগকারীদের কার্যকর সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের ২০২৬ সালের মার্চে ঘোষিত ১৮০ দিনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিলটি পাস হয়েছে। এর মাধ্যমে শিল্পায়ন ত্বরান্বিত করা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
নতুন সংস্থার আওতায় বিনিয়োগ অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়নসহ বিভিন্ন সরকারি সেবা আরও সমন্বিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগসংক্রান্ত সব সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে।
আইনটিতে শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলকে একীভূত ব্যবস্থাপনার আওতায় আনা, সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, পিপিপি প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অব্যবহৃত সরকারি সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে।
সরকারের মতে, নতুন এই কাঠামো বিভিন্ন সংস্থার কাজের পুনরাবৃত্তি কমাবে, নীতিগত সমন্বয় বাড়াবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বিনিয়োগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলবে।
আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন, ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ বাতিল হবে। এসব আইনের অধীন কার্যক্রম ও দায়িত্ব নতুন প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ পরিচালনা করবে।