নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত: আমির খসরু

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার কখন এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে আইএমএফও সম্মতি জানিয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ কয়েকটি সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক বাস্তবতা এবং জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারের সময়সূচি ও অগ্রাধিকার সরকারই নির্ধারণ করবে।
অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়টি আইএমএফ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সংস্কার বাস্তবায়নে সরকারের নিজস্ব পরিকল্পনার প্রতি সম্মান জানিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের আর্থিক খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেছে আইএমএফ। বিশেষ করে শেয়ারবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তবে এসব ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন বলেও মত দিয়েছে তারা।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচির কাঠামো চূড়ান্ত করতে দুই পক্ষের আলোচনা চলবে। আগামী অক্টোবর মাসে ব্যাংককে আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আইএমএফের একজন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।