তিন দিনের ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সব ক্যারেটের সোনার পাশাপাশি রুপার গহনার নতুন মূল্য নির্ধারণ করেছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। মূল্য নির্ধারণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জুলাই একই পরিমাণ অর্থ অর্থাৎ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল ২২ ক্যারেটের সোনার দাম। মাত্র তিন দিনের ব্যবধানে সেই বৃদ্ধি প্রত্যাহার করে আবারও মূল্য কমানো হলো।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার মূল্য ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।