বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আবু সাঈদকে কীভাবে হত্যা করা হয়েছিল, ট্রাইব্যুনালের রায়ে যা বলা হয়েছে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর আজ ঐতিহাসিক জুলাই শহিদ দিবস, স্মরণে আবু সাঈদ হোটেল, প্রশিক্ষণ, নিরাপত্তা—পর্যটন খাতে বড় পরিবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর দুর্যোগে বিপর্যস্ত সাত জেলা, নিহত ৫৭, আহত ৪০ রাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক! বৈশ্বিক চ্যালেঞ্জেও বেপজার সাফল্য, বেড়েছে রপ্তানি ও কর্মসংস্থান ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালের জন্য কঠোর নির্দেশনা বিভাগীয় মামলায় দোষী, চাকরিচ্যুত সুপ্রিম কোর্টের কর্মকর্তা বাংলাদেশে ভুয়া বিয়ের ফাঁদ, মানবপাচারের ঝুঁকির সতর্কতা চীনের
  • কেন আবার সোনার দিকে ঝুঁকছে বিশ্ব? বদলে যাওয়া বাজারের নেপথ্যে

    কেন আবার সোনার দিকে ঝুঁকছে বিশ্ব? বদলে যাওয়া বাজারের নেপথ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে সোনার ভূমিকা নতুনভাবে মূল্যায়ন করছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা। একসময় সংকটের সময়ে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে সোনা ধীরে ধীরে কৌশলগত রিজার্ভ সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

    বিশ্লেষকদের মতে, সোনায় বিনিয়োগের প্রচলিত ধারণায় পরিবর্তন আসছে। শুধু বাজার অস্থিরতার সময় নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা, মুদ্রার বৈচিত্র্য এবং ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবেও সোনার চাহিদা বাড়ছে।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর সময় প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৫ হাজার ২৭৮ ডলার। যুদ্ধের শুরুতে দাম স্থিতিশীল থাকলেও পরবর্তী সময়ে তা ২০ শতাংশের বেশি কমে যায়। চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর জুন মাসে সোনার দাম কমে ১২ দশমিক ৭ শতাংশ, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় মাসিক পতন।

    সাধারণত রাজনৈতিক অস্থিরতা, ডলারের দুর্বলতা, সুদহার কমার সম্ভাবনা কিংবা আর্থিক বাজারে অনিশ্চয়তা তৈরি হলে সোনার দাম বাড়ে। তবে ডলার শক্তিশালী হলে এবং যুক্তরাষ্ট্রের সুদহার বেশি থাকলে সোনার ওপর চাপ তৈরি হয়।

    দুবাইভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠান ইকুইটি গ্রুপের মার্কেট ইনসাইটস ও কমিউনিটি এনগেজমেন্ট বিভাগের প্রধান নুরেলদিন আল হাম্মুরি বলেন, যুদ্ধ বা সংকট শুরু হলেই সোনার দাম বাড়বে—এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কারণ স্বল্প মেয়াদে সোনা নগদ অর্থ ও সরকারি বন্ডের সঙ্গে প্রতিযোগিতা করে।

    তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে যদি মূল্যস্ফীতির আশঙ্কা ও বন্ডের সুদহার বেড়ে যায়, তাহলে বিনিয়োগকারীরা ট্রেজারি সিকিউরিটিজের দিকে ঝুঁকতে পারেন। এতে সাময়িকভাবে সোনার চাহিদা কমে যেতে পারে।

    তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষণ অনুযায়ী, দীর্ঘমেয়াদে সোনার সম্ভাবনা এখনো শক্তিশালী। সংস্থাটি বলছে, অর্থনৈতিক দুর্বলতা, নতুন ভূরাজনৈতিক সংকট, সুদহার কমার প্রত্যাশা এবং কম দামে সোনা কেনার প্রবণতা ভবিষ্যতে আবারও দাম বাড়াতে পারে।

    লন্ডনভিত্তিক সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি অনুকূলে থাকলে সোনার দাম আবারও প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারে উঠতে পারে। জে পি মরগ্যানও ২০২৬ সালের শেষ দিকে সোনার দাম ওই পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনার কথা জানিয়েছে।

    দুবাইভিত্তিক টিয়ারা জেমস অ্যান্ড জুয়েলারির প্রতিষ্ঠাতা আশীষ বিজয় বলেন, সোনা এখন শুধু নিরাপদ বিনিয়োগের মাধ্যম নয়, বরং কৌশলগত রিজার্ভ সম্পদ হিসেবে গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা, সার্বভৌম ঋণ নিয়ে উদ্বেগ এবং মূল্যস্ফীতির ঝুঁকি সোনার চাহিদাকে শক্তিশালী করছে।

    বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকাও সোনার বাজারে বড় পরিবর্তন আনছে। আগে যেখানে বিনিয়োগকারীদের আচরণ বেশি প্রভাব ফেলত, এখন কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি ক্রেতা হিসেবে বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলারনির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারসাম্য আনতে সোনার মজুত বাড়াচ্ছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা ১৯ মাস ধরে সোনার রিজার্ভ বাড়িয়েছে।

    এদিকে সোনার চাহিদার কেন্দ্রও ধীরে ধীরে পূর্বমুখী হচ্ছে। লন্ডন ও নিউইয়র্কে আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হলেও প্রকৃত ক্রয়ের বড় অংশ হচ্ছে চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারে।

    বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিনিয়োগকারীরা সাধারণত স্বল্পমেয়াদি লাভের উদ্দেশ্যে সোনায় বিনিয়োগ করেন। অন্যদিকে এশিয়ার পরিবার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি সম্পদ সংরক্ষণ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সোনাকে গুরুত্ব দেয়।

    বাজার বিশ্লেষকদের ধারণা, স্বল্পমেয়াদে সুদহার, ডলার ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি সোনার দামে ওঠানামা তৈরি করলেও দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংক ও এশীয় বাজারের ধারাবাহিক চাহিদাই সোনার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন