বাংলাদেশ সফরে আইএমএফ, অর্থনৈতিক সংস্কার থাকবে আলোচনার কেন্দ্রে

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোববার (১২ জুলাই) পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে।
আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ১৬ জুলাই পর্যন্ত দেশে অবস্থান করবে। এ সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি রয়েছে। প্রথম বৈঠকে রাজস্বনীতি, জাতীয় বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
দ্বিতীয় বৈঠকে গুরুত্ব পাবে সরকারের ঘোষিত নবম পে-স্কেল এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অতিরিক্ত ব্যয়ের বিষয়টি। সরকারি হিসাব অনুযায়ী, নতুন পে-স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ৪৪ হাজার কোটি টাকা এবং পূর্ণ বাস্তবায়নের পর প্রতি বছর এক লাখ ৬ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
সূত্র জানায়, বিদ্যমান রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সরকার কীভাবে এই ব্যয় নির্বাহ করবে—সে বিষয়ে আইএমএফ বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইবে।
এ ছাড়া আগের ঋণ কর্মসূচির পরিবর্তে নতুন অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা, ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন এবং এসব উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য নতুন ঋণ প্যাকেজ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।