সোনার সঙ্গে রুপার দামও বাড়াল বাজুস

দেশীয় বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা প্রকাশ করে জানিয়েছে, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির রুপার দামও সমন্বয় করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে একই মানের সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৭২৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।