আবার কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (ভ্যাটসহ)।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার গহনার প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে গত ৬ জুলাইও ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দফায় ভালো মানের সোনার গহনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।