মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

শেয়ারবাজার কারসাজির দায়ীদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

শেয়ারবাজার কারসাজির দায়ীদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও ধারাবাহিক দরপতনের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, শেয়ারবাজার-সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান পরিচালনা করেছে। এতে কয়েকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজার কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে। আরও তদন্তের জন্য সংশ্লিষ্টদের তথ্য দুদকের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আগের সরকারের সময়ে শেয়ারবাজারে সংকটের পেছনে বাজার কারসাজি, শেয়ারের কৃত্রিম মূল্য নিয়ন্ত্রণ, আইপিও ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি এবং সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ার মতো বিষয়গুলো বড় ভূমিকা রেখেছে।

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বিএসইসিতে দক্ষ নেতৃত্ব নিয়োগ, ফ্লোর প্রাইস প্রত্যাহার, লাভজনক সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করতে উৎসাহ দেওয়া, শক্তিশালী মৌলভিত্তির কোম্পানিকে বাজারে আনা, হুইসেলব্লোয়ার সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার, পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি চালু এবং বিনিয়োগকারী সুরক্ষা তহবিল গঠন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর পুঁজিবাজার গড়ে তুলতে কাজ করছে, যেখানে বিনিয়োগকারীদের স্বার্থ ও সম্পদ সর্বোচ্চ সুরক্ষা পাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন