মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের পাল্টা হামলার দাবি

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের দাবি, দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (৮ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ একাধিক সামরিক স্থাপনা।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের হরমোজগান ও মাহশাহর উপকূলীয় অঞ্চলের কয়েকটি সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে তেহরান অভিযোগ করে। ইরানের দাবি, ওই হামলা সাম্প্রতিক যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তির পরিপন্থী।
আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন-সংক্রান্ত ঘটনাকে আড়াল করা। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে তারা।
এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া অব্যাহত থাকবে এবং হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের নিরাপদ রুট নির্ধারণের অধিকার ইরানের রয়েছে।