মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জুলাইয়ে আবারও কমল জেট ফুয়েলের দাম

জুলাইয়ে আবারও কমল জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের (জেট এ-১) মূল্য আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দরে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়।

চলতি বছরের ২৪ মার্চ আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর ৭ এপ্রিলও দাম বাড়ানো হয়।

তবে মে মাস থেকে ধারাবাহিকভাবে জেট ফুয়েলের দাম কমানো হচ্ছে। মে মাসে প্রতি লিটারের মূল্য ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। এরপর জুনে এবং সর্বশেষ জুলাই মাসেও মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিল বিইআরসি।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের দাম কমায় বিমান পরিচালনার ব্যয় কিছুটা কমতে পারে, যা ভবিষ্যতে যাত্রীসেবার খরচেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন