বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব

পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই উদ্যোগের আওতায় একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা, বিমান টিকিট, আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত নির্দিষ্ট ভ্রমণসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে আপাতত এই পাইলট প্রকল্প পরিচালিত হবে।

নতুন ব্যবস্থায় পর্যটকদের আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং কিংবা ই-ভিসার আবেদন করতে হবে না। একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই ভ্রমণের প্রয়োজনীয় সব সেবা সম্পন্ন করা যাবে। এর মধ্যে যাওয়া-আসার বিমান ভাড়া, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া ভ্রমণকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী সৌদি আরবের বিভিন্ন পর্যটন আকর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন কার্যক্রম ও দর্শনীয় স্থান ভ্রমণের সুবিধাও একই প্যাকেজে যুক্ত করতে পারবেন।

তবে এই সুবিধা সব ট্রাভেল এজেন্সি দিতে পারবে না। কেবলমাত্র উন্নত ডিজিটাল অবকাঠামো, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা নিশ্চিত করতে সক্ষম সরকারি অনুমোদিত ভ্রমণ প্রতিষ্ঠানগুলোই এই সেবা প্রদান করবে।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে পর্যটন খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ বিভিন্ন সহজীকৃত ভিসা ব্যবস্থা চালু করে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটি ২ কোটি ৯০ লাখেরও বেশি বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা দর্শনার্থীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ, আধুনিক ও নির্বিঘ্ন করবে। তাঁর মতে, এই উদ্যোগ পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।

পর্যটন মন্ত্রণালয়ের আশা, এই নতুন ব্যবস্থা বিদেশি পর্যটকদের সৌদি আরবে দীর্ঘ সময় অবস্থানে উৎসাহিত করবে, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং দেশের পর্যটন খাতে ব্যয় ও অর্থনৈতিক কার্যক্রম আরও বৃদ্ধি করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন