বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সমকামীদের বহনকারী মার্কিন প্রমোদতরিকে বন্দরে ভিড়তে দিল না তুরস্ক

সমকামীদের বহনকারী মার্কিন প্রমোদতরিকে বন্দরে ভিড়তে দিল না তুরস্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সমকামী যাত্রীদের বহনকারী একটি মার্কিন প্রমোদতরিকে তুরস্কের কোনো বন্দরে নোঙর করার অনুমতি দেয়নি দেশটির কর্তৃপক্ষ। সামাজিক ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেসের ‘স্কারলেট লেডি’ নামের জাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটলান্টিস ইভেন্টস সমকামী যাত্রীদের বিশেষ ভ্রমণের জন্য ভাড়া নিয়েছিল। প্রায় দুই হাজার যাত্রী এবং ব্রডওয়ে তারকা পাত্তি লুপোন এই ভ্রমণে অংশ নিয়েছেন।

রোববার এথেন্স থেকে ১০ দিনের যাত্রা শুরু হওয়া জাহাজটির মঙ্গলবার তুরস্কের কুসাদাসি এবং পরে ইস্তাম্বুল বন্দরে নোঙর করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তুরস্ক কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে।

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি এমন একটি গোষ্ঠীর জন্য পরিচালিত হচ্ছে, যা দেশটির সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এ ধরনের আয়োজনের অংশগ্রহণকারীদের তুরস্কে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।

অ্যাটলান্টিস ইভেন্টসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী রিচ ক্যাম্পবেল এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন, গত ২৫ বছরে তাদের জাহাজ ১৩ বার তুরস্কের বন্দরে নোঙর করেছে। কিন্তু এবার শুধুমাত্র যাত্রীদের পরিচয়ের কারণে অনুমতি না পাওয়াকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন।

জাহাজে পারফর্ম করার কথা থাকা ব্রডওয়ে অভিনেত্রী পাত্তি লুপোনও সামাজিক মাধ্যমে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যাত্রীদের পরিচয়ের কারণে একটি জাহাজকে প্রবেশে বাধা দেওয়া হতাশাজনক।

এ ঘটনার পর আয়োজকরা জাহাজটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তুরস্কের পরিবর্তে এখন এটি মিশরের কায়রো এবং গ্রিসের ক্রিট দ্বীপে যাত্রা করবে।

উল্লেখ্য, তুরস্কে সমকামিতা আইনত নিষিদ্ধ না হলেও সাম্প্রতিক বছরগুলোতে এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিভিন্ন কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ২০১৫ সাল থেকে ইস্তাম্বুলে প্রাইড মার্চ নিষিদ্ধ রয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ক্ষমতাসীন নেতারা বিভিন্ন সময় এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছেন।


সূত্র: দ্য গার্ডিয়ান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন