ফরচুন সুজের ৭ জনকে জরিমানা করল বিএসইসি

সিকিউরিটিজ আইন লঙ্ঘন এবং ঘোষিত লভ্যাংশ ও লিস্টিং ফি পরিশোধে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির সাত কর্মকর্তার বিরুদ্ধে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি জারি করা বিএসইসির এক আদেশে জানানো হয়, বকেয়া নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি বাবদ মোট ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা এক মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় কমিশনের ১০১৩তম সভায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির তথ্যমতে, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু ঘোষিত প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে এখনো ৩ কোটি ৯৮ লাখ টাকা বিনিয়োগকারীদের কাছে বিতরণ করা হয়নি। পাশাপাশি ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৮ লাখ ২৯ হাজার টাকা লিস্টিং ফিও বকেয়া রয়েছে।
সবচেয়ে বেশি ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান, পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম এবং সাবেক পরিচালক মো. খসরুল ইসলামকে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা এবং সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান কোম্পানি সচিব মো. নাজমুল হোসেনকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসি নির্দেশ দিয়েছে, আদেশ জারির ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ কমিশনে জমা দিতে হবে। অন্যথায় বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।