এনআইডি সংশোধন সেবায় ইসির নতুন নির্দেশনা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে পরিচালিত কয়েকটি ক্যাটাগরির জরুরি এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ছাড়া ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ এবং ‘গ’ ক্যাটাগরির সংশোধন আবেদন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না। এই নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, যেসব আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ রয়েছে, সেসব আবেদন আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নতুন ব্যবস্থায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আবেদন নিষ্পত্তির দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা।
অন্যদিকে ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।
এছাড়া ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
উল্লেখ্য, এতদিন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনের জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তি করা হতো। নতুন নির্দেশনার ফলে এসব সেবা সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন হবে।