আজ থেকে মার্কেট বন্ধের সময় পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের সময় এক ঘণ্টা কমিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
স্মারকে বলা হয়েছে, শপিংমল, মার্কেট ও দোকানের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।
এ ছাড়া সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবন, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার আলোকসজ্জাও সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে জরুরি ও প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না। খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার পর বন্ধ এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।