মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জ্বালানি, আর্থিক ও বস্ত্র খাতের উত্থানে চাঙা শেয়ারবাজার

জ্বালানি, আর্থিক ও বস্ত্র খাতের উত্থানে চাঙা শেয়ারবাজার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নতুন অর্থবছরের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ফিরে এসেছে ইতিবাচক ধারা। রোববার (৫ জুলাই) জ্বালানি, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের শেয়ারের চাহিদা বাড়ায় ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দিনের শুরুতে কিছুটা ওঠানামা থাকলেও শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে জ্বালানি, আর্থিক ও বস্ত্র খাতের কোম্পানির শেয়ারে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭ পয়েন্টে পৌঁছেছে।

একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আর্থিক প্রতিষ্ঠানের ১৮টি এবং জ্বালানি খাতের ১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে বস্ত্র খাতের ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বড় ভূমিকা রেখেছে।

সূচকের পাশাপাশি লেনদেনেও গতি ফিরেছে। রোববার ডিএসইতে মোট ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৯১ কোটি টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকেও ইতিবাচক চিত্র পাওয়া গেছে। বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির শেয়ারের দাম বেড়েছে, ৯৬টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন