বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তেহরানে খামেনির জানাজা আজ, লাখো মানুষের ঢলের প্রত্যাশা

তেহরানে খামেনির জানাজা আজ, লাখো মানুষের ঢলের প্রত্যাশা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানি কর্তৃপক্ষের আশা, এতে লাখো মানুষ অংশ নেবেন, যা দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করার পরিকল্পনা রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ তিনি নিহত হন বলে ইরান দাবি করেছে।

এদিকে খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার জানাজার নামাজে ইমামতি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে মোজতবাকে অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা বাহিনীর মতে, তার প্রকাশ্যে উপস্থিতি বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করতে পারে।

হাকিম ইলাহী জানান, সম্প্রতি ইরানে অবস্থানকালে তিনি এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, যারা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মাধ্যমে তিনি জানতে পারেন, মোজতবা নিজেই জানাজার নামাজ পরিচালনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তির কারণে সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেই তাকে জনসমক্ষে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে জানাজার নামাজে ইমামতি করবেন কে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।


সূত্র: আল জাজিরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন