সোনা-রুপার দাম আবারও বাড়ল

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার অলংকারের দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫৯৫ টাকা। ২১ ক্যারেটের দাম ১৮ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ১৩০ টাকা।
একই সঙ্গে রুপার অলংকারের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট হলমার্ককৃত রুপার অলংকারের প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেট ৪০০ টাকা, ১৮ ক্যারেট ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার অলংকার ২৬০ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে। পাশাপাশি অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।