স্কটল্যান্ড ম্যাচে নতুন মুখ, একাদশে পরিবর্তন আনছে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো।
গ্রুপ ‘সি’ থেকে এখনো কোনো দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। ফলে শেষ ম্যাচগুলোই নির্ধারণ করবে কারা যাবে নকআউটে। স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করলেই পরের পর্বে জায়গা নিশ্চিত হবে ব্রাজিলের।
এ ম্যাচে ব্রাজিল একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ইনজুরির কারণে রাফিনহা খেলতে না পারায় তার জায়গায় সুযোগ পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ান। অনুশীলনেও তাকে ডানপ্রান্তের আক্রমণে প্রস্তুত করতে দেখা গেছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানান, দলের লক্ষ্য শুধুই জয় এবং সেরা পারফরম্যান্স উপহার দেওয়া। রাফিনহার বিকল্প নিয়ে কোচিং স্টাফের পরিকল্পনাও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, ব্রাজিল শিবিরে স্বস্তির খবর নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি। তবে পুরোপুরি ফিট না থাকায় তাকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে।
ইতিহাসও ব্রাজিলের পক্ষেই। দুই দলের ১০ দেখায় ৮টিতেই জয় পেয়েছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে কোনো জয় পায়নি।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন; দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।