তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ ছাড় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্যাংক সূত্র জানায়, ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে কিছুটা অস্থিরতা দেখা দেয়। এ সময় ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে কিছু গ্রাহকের আন্দোলন এবং আমানত উত্তোলনের চাপ বেড়ে যায়। এতে ব্যাংকটির তারল্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরিস্থিতির কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একই সঙ্গে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও চ্যালেঞ্জ তৈরি হয়। এ অবস্থায় গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল।
এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইঙ্গিত দেন যে ইসলামী ব্যাংককে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান সংকট দ্রুত স্বাভাবিক হবে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনে আরও জরুরি সহায়তা দেওয়া হতে পারে যাতে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক থাকে এবং গ্রাহক আস্থা বজায় থাকে।