আজ শুভেন্দুর শপথ, অনুষ্ঠানে মোদিসহ ২০ মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এ শপথগ্রহণ অনুষ্ঠান। এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও।
শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের। পাশাপাশি দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতাজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ৩৫টি নিরাপত্তা সেক্টরে ভাগ করা হয়েছে এবং দায়িত্ব পালন করবেন প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।
শপথমঞ্চে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ রাখতে বড় আকারের দুর্গামূর্তি স্থাপন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিল্পকর্ম ও প্রতিকৃতির মাধ্যমে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানস্থল। দর্শনার্থীদের জন্য থাকছে বাঙালির জনপ্রিয় খাবারের নানা স্টল, যেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয়েছে।