রাজধানীতে ঘরে ঘরে সোলার বিদ্যুৎ চালুর উদ্যোগ

রাজধানীতে বিদ্যুতের লোড কমানোর লক্ষ্যে প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যুতের বিকল্প ও ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সোলার পাওয়ারকে আরও সহজলভ্য করা হবে, যাতে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারে। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে সরকারি আদেশের মাধ্যমে নতুন নীতিমালা জারি করা হবে।
তিনি আরও বলেন, দেশে বড় পরিসরে সোলার শক্তির বিস্তার এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি, যার পেছনে নেতৃত্ব ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সোলার ও উইন্ড এনার্জিকে ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।
মন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং সরকার বিকল্প জ্বালানি ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা আনার কাজ করছে।