ইস্টার্ন রিফাইনারির জন্য সৌদি থেকে এলো বিশাল তেলের চালান

দীর্ঘদিনের অনিশ্চয়তার পর সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেলের বড় চালান দেশে পৌঁছেছে। প্রায় এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বহনকারী মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এর মাধ্যমে কাঁচামালের সংকটে উৎপাদন ব্যাহত হওয়া রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল এসেছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার পর থেকে তেল পরিশোধন কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হলেও ধীরে ধীরে সক্ষমতা বাড়ানো হবে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, উৎপাদন শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার থেকেই রিফাইনারির পাঁচটি ইউনিটে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। এর ফলে ফেব্রুয়ারির মাঝামাঝির পর আর কোনো নতুন ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছেনি।
দীর্ঘ দেড় মাস ধরে ইস্টার্ন রিফাইনারি পাইপলাইনে জমে থাকা সীমিত পরিমাণ ‘ডেড স্টক’ তেল ব্যবহার করে কোনোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি সীমিত পরিসরে চালু থাকলেও বাকি দুটি বন্ধ ছিল। পাশাপাশি ১৩ ধরনের জ্বালানি উৎপাদনের পরিবর্তে মাত্র দুটি পণ্য উৎপাদন করা হচ্ছিল।