বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যর্থ থালাপতি বিজয়?

গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যর্থ থালাপতি বিজয়?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাজ্যপাল অর্থাৎ রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে এ বিষয়ে রাজ্যপাল ইতিবাচক সাড়া দেননি।

বুধবার (৬ মে) সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, সরকার গঠনের জন্য বিজয়ের টিভিকে-র প্রয়োজনীয় আসন রয়েছে কিনা সে বিষয়ে রাজ্যপাল এখনও নিশ্চিত নন। তবে সূত্রটি বর্তমান আনুষ্ঠানিক পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছে, কংগ্রেস বিজয়কে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্যরাও যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের পর একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া থালাপতি বিজয়ের দল টিভিকে-এর ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ১০টি আসনের প্রয়োজন ছিল। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১২ হয়েছে, ফলে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে ছয়টি আসনের ঘাটতি পূরণ করতে হবে।

বিজয়ের জন্য পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো, বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। কংগ্রেস ছাড়াও স্বতন্ত্র প্রার্থীসহ আর কারা বিজয়ের দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই। দুটি আসনে জয়ী বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) কী করবে তা নিয়ে এখন অভ্যন্তরীণ আলোচনা চলছে।

রাজ্যটিতে ডিএমকে ৫৯টি, এআইএডিএমকে ৪৭টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি, সিপিআই(এম) ২টি এবং বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে একটি করে আসন পেয়েছে।

টিভিকে-কে সমর্থন করা উচিত কিনা, সে বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেয়ার জন্য কংগ্রেসের তামিলনাড়ু শাখাকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ণ স্বায়ত্তশাসন দিয়েছে। তামিলনাড়ু কংগ্রেসের ইন-চার্জ গিরিশ চোডানকর এও ঘোষণা করেছিলেন যে, দক্ষিণের এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে দেখার চেয়ে তারা বরং একটি ‘ধর্মনিরপেক্ষ সরকার’কে সমর্থন করবেন।

এরই অংশ হিসেবে বুধবার সকালে কংগ্রেস সরকারে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এরপরে দলের কর্মীরা তামিলনাড়ু সদর দপ্তরে বাজি ফুটিয়ে উদযাপন শুরু করে। দলটি জানিয়েছে, টিভিকে-কে সমর্থন করার জন্য একটি শর্ত রয়েছে, আর তা হলো- সংবিধানে বিশ্বাসী নয় এমন সাম্প্রদায়িক শক্তিগুলোকে জোটের বাইরে রাখতে হবে।

রাজ্যটির সর্বশেষ ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এবার ৫৯টি আসন পেয়েছে। এর আগে তারা কংগ্রেসের সঙ্গে জোটে ছিল, একসঙ্গে লড়েছিল নির্বাচনেও। কিন্তু এবার টিভিকে-কে সমর্থন দেয়ায় চটেছে দলটি। তারা জানিয়েছে, ‘তামিলনাড়ুর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস।’ ডিএমকের মুখপাত্র সরভানান আনাদুরাই বলেন, ‘টিভিকে মন্ত্রিসভায় দুটি আসনের জন্য কংগ্রেস আত্ম-ধ্বংসের পথে হাঁটছে।’

এদিকে টিভিকে-কে সমর্থন করার কংগ্রেসের একতরফা সিদ্ধান্তটি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভেঙে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘এমন কেউ নেই যার সঙ্গে কংগ্রেস প্রতারণা করেনি। ভাবুন তো, ডিএমকের সঙ্গে যদি তারা এমনটা করে থাকে, তাহলে সমাজবাদী পার্টির সঙ্গে তারা কী করবে। এই ঘটনাটি ইন্ডিয়া জোটের শেষকৃত্য।’

সব মিলিয়ে টিভিকে সরকার গঠনের দ্বারপ্রান্তে থাকলেও ১১৮টি আসন পূরণে এখনও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। যদিও কংগ্রেস তাদের সমর্থন দিয়েছে তবে বাকি আসন পূরণ হয়নি এখনও। ইতিমধ্যেই বাম দলগুলোকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে দলটি। সবকিছু ঠিক থাকলেই কেবল রাজ্যপাল সরকার গঠনের অনুমতির দিকে এগোবেন বলে মনে হচ্ছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন