মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশের অর্থনীতি শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর: অর্থ উপদেষ্টা

দেশের অর্থনীতি শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর: অর্থ উপদেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (৬ মে) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে ড. তিতুমীর বলেন, সরকার বিদ্যমান বাণিজ্য চুক্তি বাতিলের পক্ষে নয়; বরং এর প্রতি পূর্ণ সম্মান রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিষয় থাকলে তা নিয়ে আলোচনার সুযোগ সবসময় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। বিশেষ করে ওষুধ শিল্পে রপ্তানি বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে একচেটিয়া সম্পর্কের নীতিতে বিশ্বাসী নয়, বরং সব দেশের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা গড়ে তুলতে চায়। তিনি আরও বলেন, প্রতিটি দেশই নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, বাংলাদেশও একইভাবে তার স্বার্থ রক্ষায় কাজ করছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তির লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের জন্য অগ্রাধিকারমূলক সুবিধা নিশ্চিত করা এবং মার্কিন বিনিয়োগ বাড়ানো। সাম্প্রতিক বৈঠকের মাধ্যমে সেই চুক্তির বাস্তবায়ন ও অগ্রগতির প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ