কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর বলেছেন, ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ থেকে আসা ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ অংশ নিতে বাংলাদেশি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গেলে তাদের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পল কাপুর বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হয়েছে। এতে দুই দেশের মধ্যে অশুল্ক বাধা অনেকাংশে দূর হয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
তিনি বাংলাদেশকে বোয়িং উড়োজাহাজ ক্রয়ের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কই আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চলতি মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই সামিটে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৭০০ জন ছিলেন বিনিয়োগকারী ও ব্যবসায়ী।
বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে পল কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনের কূটনীতিকরা।