মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী

    ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-সিলেট রুটে সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করতে যাচ্ছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

    প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক, ফলে যাতায়াতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পরই এই সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতা বড় বাধা হিসেবে রয়েছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে এসব সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, দ্রুতই কাজ শুরু হবে এবং আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে প্রকল্প শেষ করা সম্ভব হবে।

    সড়ক উন্নয়নের পাশাপাশি রেল যোগাযোগকে অধিক গুরুত্ব দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু সড়ক সম্প্রসারণে যানজট কমবে না, বরং রেলপথ উন্নয়নই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান। এ লক্ষ্যে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে যাত্রী ও পণ্য পরিবহন উভয় ক্ষেত্রেই খরচ কমবে।

    গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, যুক্তরাজ্যের National Health Service (এনএইচএস)-এর আদলে দেশের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের অধিকাংশই নারী। তারা গ্রামাঞ্চলে গিয়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

    তিনি আরও বলেন, সিলেট মেডিকেল কলেজের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল দ্রুত চালু করা হবে, যা ভবিষ্যতে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে শিল্প ও আইটি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

    জলাবদ্ধতা সমস্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু সিলেট নয়, পুরো দেশের সমস্যা। এ সমস্যা সমাধানে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্লাস্টিক ও পলিথিনসহ বর্জ্য যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে চালু হওয়া ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির ধারাবাহিকতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে। এর মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করা হবে।

    তিনি আরও বলেন, সরকারের বয়স অল্প হলেও ইতোমধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু করা হয়েছে।

    সমাবেশ শেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন—“করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”

    উল্লেখ্য, এদিন সকালে সিলেটের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ