বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দুটি হত্যার অভিযোগ এনে মামলা করা হয়। এই দুই মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ আবেদন করেছিল। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন। আজ হাইকোর্ট ওই দুই মামলায় তার জামিন প্রদান করলেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে তাকে বিভিন্ন রাজনৈতিক ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে হাইকোর্ট তাকে কয়েকটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। বর্তমান আদেশের ফলে তার আইনি লড়াইয়ে নতুন মাত্রা যুক্ত হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন