আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের মিশেলে সাজানো হয়েছে পুরো অঞ্চল।
এই সফরের অন্যতম আকর্ষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামের একটি বিশেষ ক্রীড়া উদ্যোগের উদ্বোধন। শনিবার (০২ মে) জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী। ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ মোট আটটি খেলায় দেশের তরুণরা অংশগ্রহণের সুযোগ পাবে।
সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। এ আয়োজনকে ঘিরে খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কাজ।
এছাড়া সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং সেখানে মোনাজাতে অংশ নেবেন। দরগাহের খাদেম সামুন মাহমুদ খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারা আনন্দিত এবং এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এখানে এসেছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, জনদুর্ভোগ কমিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।