সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

৬ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, পুনর্বহালের দাবি

৬ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, পুনর্বহালের দাবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইসলামী ধারার ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

“ব্যাংকিং খাতে বৈষম্য ও গণহারে চাকরিচ্যুতির বিরুদ্ধে রুখে দাঁড়ান” শীর্ষক এই কর্মসূচিতে চাকরিচ্যুতরা স্বপদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি তারা ব্যাংকগুলোর কথিত অবৈধ নিয়োগ, ম্যানেজমেন্ট ও পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদত্যাগের দাবিও তোলেন।

আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— “উই ওয়ান্ট জাস্টিস”, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, এবং “তুমি কে, আমি কে— মজলুম, মজলুম”।

তাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে বিশেষ করে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত না থাকায় অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তকে তারা বৈষম্যমূলক ও নাগরিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেন।

তারা আরও দাবি করেন, ৫ আগস্টের পর প্রভাবশালী একটি মহলের প্রভাবে ব্যাংকগুলোতে ব্যাপক শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয়করণ, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত দক্ষতা মূল্যায়নের মাধ্যমে ছাঁটাই কার্যক্রম চালানো হয়েছে। এতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন, যা অসংখ্য পরিবারের জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন