ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের চাপ বা ‘খড়গ’ নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল যৌথভাবে এ আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, রাজস্ব শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ব্যক্তিশ্রেণির কর বাড়ানো হচ্ছে না। বরং করদাতার সংখ্যা বাড়ানোর মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করা হবে। তিনি বলেন, “ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই।”
তিনি আরও বলেন, অর্থমন্ত্রী একজন ব্যবসাবান্ধব ব্যক্তি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। সরকার ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে দেশ আরও উন্নত পর্যায়ে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জিইডি সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম, আইসিএবি সভাপতি এন কে এ মবিন, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীরসহ অনেকে।
এ সময় ডিসিসিআই ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়। এছাড়া তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ২৫ শতাংশ নির্ধারণ এবং পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় করপোরেট কর রিটার্ন ব্যবস্থা চালুর প্রস্তাবও তুলে ধরা হয়।