যুদ্ধবিরতির পর দূতাবাস ফের খোলার ঘোষণা স্পেনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর নিরাপত্তাজনিত কারণে ইরানে নিজের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছিল স্পেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর স্পেন ঘোষণা দিয়েছে তাদের ইরান দূতাবাস পুনঃউদ্বোধনের।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস বৃহস্পতিবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে ফিরে গিয়ে পুনরায় যোগদান করতে এবং তেহরানে স্পেনের দূতাবাস ফের চালু করার নির্দেশ দিয়েছি।” তিনি আরও জানান, বর্তমানে শুরু হওয়া শান্তি প্রচেষ্টায় স্পেনও ভূমিকা রাখতে আগ্রহী।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের উত্তেজনার কারণে স্পেন তেহরান দূতাবাস বন্ধ করেছিল এবং রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছিল। পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ নিয়ে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের বৈঠক ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে শুরু হবে।